জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমদের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন কাজী জাফরের অবস্থা গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে অবনতি হতে থাকলে তাকে সেখানকার আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিত্সকরা জানান, তার কিডনিতে মারাত্মক সমস্যা হচ্ছে, দু’দিন ধরে প্রশ্রাব বন্ধ। শ্বাসকষ্টও হচ্ছে। মুখে খাবার নিতে পারছেন না।
কয়েকদিন আগে খুলনা সফরের সময় বাথরুমে গোসল করতে গিয়ে পা পিছলে পড়ে কোমরে প্রচণ্ড আঘাত পান কাজী জাফর। তার ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা এ কথা জানান। তার অবস্থার অবনতির সংবাদ পেয়ে বিকল্পধারা প্রেসিডেন্ট একিউএম বদরুদ্দোজা চৌধুরী তাকে দেখতে হাসপাতালে গেছেন।
