লাল পাসপোর্ট ব্যবহারের সুবিধা হারালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা থাকার সময় তিনি এই লাল পাসপোর্ট ব্যবহার করতেন।
বৃহস্পতিবার মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) তৈরি করতে তিনি আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে যান। বিকাল ৪টা ৪০ মিনিটে তিনি পাসপোর্ট অফিসে প্রবেশ করেন। ৫টা ৫ মিনিটে তিনি বের হয়ে আসেন। ঢাকা বিভাগীয় পরিচালক মুন্সি মুহিত ইকবালের তত্ত্বাবধানে খালেদা জিয়া সাধারণ পাসপোর্টের জন্য ফিঙ্গার প্রিন্ট, ছবি তোলাসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সাংবাদিকদের বলেন, সাধারণ মানুষের মতো আইনের শাসন মেনে তিনি পাসপোর্ট করতে এসেছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুঁইয়া, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুব বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
