মজার বিষয়

অদৃশ্য কাচ

আপডেট : ১৬ মে ২০১৪, ১৯:৪০
আমাদের জীবনে কাচের ব্যবহার বলতে গেলে প্রথমেই আসে ঘুম থেকে উঠার পর আমরা এই আয়নার সামেনে গিয়ে দাঁড়াই। সেই থেকে কাচের সাথে চলা শুরু। এরপর খাওয়ার গ্লাস, প্লেট থেকে অসংখ্য জিনিস আমরা ব্যবহার করি যেগুলো কাচের তৈরি। সুতরাং বোঝাই যাচ্ছে কাচের গুরুত্ব কতটা। সেই জন্য ইতোমধ্যেই এই বিষয় নিয়ে গবেষণা শুরু হয়ে গেছে। গবেষণা হচ্ছে অথচ বিজ্ঞানীরা কিছু আবিষ্কার করতে পারেননি এমনটা হতে পারে না। জাপানের নিপ্পন ইলেকট্রিক গ্লাস কোম্পানি (এনইজিসি) সম্প্রতি একধরনের কাচ তৈরির উপাদান উদ্ভাবন করেছে, যাতে কাচ আর দৃষ্টিগোচর হবে না। এর অর্থ স্রেফ অদৃশ্য দেখাবে কাচ। কাচ তৈরির উপাদানটিকে এনইজিসি কর্তৃপক্ষ নাম দিয়েছে ‘ইনভিজিবল গ্লাস’ যার অর্থ দাঁড়ায় অদৃশ্য কাচ। ইয়োকোহোমায় অনুষ্ঠিত ‘এফপিডি ইন্টারন্যাশনাল ২০১১’ নামের প্রদর্শনীতে এ কাচের উপাদানটি দেখিয়েছে প্রতিষ্ঠানটি। এনইজিসি কর্তৃপক্ষ জানিয়েছে, কাচ তৈরির এ উপাদানটি কাচের প্রতিফলন কমিয়ে দেয় যাতে কাচটি অদৃশ্য দেখায়। সাধারণ কাচের মধ্যে দিয়ে শতকরা ৯২ ভাগ আলো চলে যায়, বাকি ৮ ভাগের প্রতিফলন ঘটে। কিন্তু নিপ্পন কর্তৃপক্ষের দাবি, তাদের তৈরি অদৃশ্য কাচের মধ্যে দিয়ে ৯৯.৫ শতাংশ আলোই চলে যেতে পারে। এ প্রযুক্তিতে কাচের উভয়পাশেই ৩০টি স্তরের অ্যান্টি-রিফ্লেকশন ফিল্ম ব্যবহূত হয়েছে বলেই জানা গেছে। এ ফিল্মগুলো ন্যানোমিটার স্কেলের। বিশ্লেষকরা বলছেন, এনইজিসির এ উদ্ভাবন অ্যামোলিড স্ক্রিন প্রযুক্তিতে কাজে লাগবে। এ অদৃশ্য কাচ কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়ে এখনও জানায়নি এনইজিসি কর্তৃপক্ষ। আগামীতে হয়তো আমাদের আশপাশেও এমন কাচের ব্যবহার দেখা যাবে।