পাঠকদের জন্য তরুণকণ্ঠ’র নতুন বিভাগ ‘আমার স্বপ্ন’। এই বিভাগে তরুণরা লিখে পাঠান মনের ভেতর লালিত ইতিবাচক স্বপ্নের কথা। লেখা হতে হবে ১০০ শব্দের ভেতর। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা :বিভাগীয় সম্পাদক, তরুণকণ্ঠ, দৈনিক ইত্তেফাক,
৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল :[email protected]
হতে চাই বিসিএস (পুলিশ)
প্রতিটি মানুষের কিছু না কিছু স্বপ্ন থাকে। আমারও একটি স্বপ্ন আছে, যেটি আমি আমার মনের মধ্যে লালন করছি। ছোটবেলা থেকে বড় ভাইয়ের কাছে থেকে বিসিএস-এর কথা শুনেছি। তার ইচ্ছা ছিল বিসিএস (পুলিশ) হবে। ভাইয়ার এ কথা শুনতে শুনতে নিজের মধ্যে কেন যেন ভালোলাগা তৈরি হলো এ ব্যাপারে। আর এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ার সূত্রে পুলিশ প্রশাসন বিষয়ে আরও আগ্রহ জেগেছে। হয়তোবা অনেকে প্রশ্ন করে ‘আইন’ পড়ে কেন পুলিশ প্রশাসনে যাওয়া হচ্ছে? আমি এক বাক্যে বলতে চাই পুলিশের মধ্যে চ্যালেঞ্জিং জিনিসটা বেশি কাজ করে। আইনের ছাত্রদের দুটি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়—নৈতিকতা ও দায়িত্ববোধ। পুলিশেরও এ দুটি গুণ থাকা উচিত। আইন বিভাগে পড়াশোনা শেষে পুলিশ প্রশাসনে যোগ দিয়ে আমি আমার সমাজ ও দেশকে সুরক্ষা দিতে চাই। যাতে করে সমাজে কোনো বিশৃঙ্খলা না দেখা যায় এবং রাষ্ট্রের কোনো ক্ষতি না হয়। লক্ষ্য অর্জন করার মাধ্যমে আমি আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাই—সবার দোয়া চাইছি।
মো. হাফিজুর রহমান
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ২য় বর্ষ, ১ম সেমিস্টার, আইন বিভাগ।
০০০০০
শিক্ষক হবো
আমি ভবিষ্যতে শিক্ষক হবো। এটা আমার জীবনের লক্ষ্য। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে অনার্স করছি। শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছি এ কারণে যে, শিক্ষকরাই হচ্ছে মানুষ গড়ার কারিগর। আমরা স্যারদের যে সম্মান করি, মূল্যায়ন করি, মনে মনে ভাবি আদর্শ শিক্ষক হলে আমিও তো আমার শিক্ষার্থীদের কাছ থেকে এ ধরনের মূল্যায়ন পাবো। আমি মনে করি একজন শিক্ষক যদি শিক্ষার্থীদের কাছে সঠিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে ব্যর্থ হয় তাহলে পুরো জাতিই সংকটময় পরিস্থিতিতে পড়ে যায়। একজন আদর্শ শিক্ষক হয়ে প্রতিটি শিক্ষার্থীকে এমনভাবে শিক্ষা দেবে যাতে তাদের কোথাও মাথানত না করতে হয়। আমাদের দেশে শিক্ষার হার বাড়লেও শিক্ষার মান, কিন্তু অবনতির দিকেই যাচ্ছে। তাই আদর্শ শিক্ষকদের এখনই হাল ধরতে হবে, এবং আমরা হবো তাদেরই উত্তরসূরি।
মো. কামরুজ্জামান মিলন
শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
