বিএনপির নেতৃত্বাধীন ২০ দল শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নিজ নির্বাচনী এলাকা ভোলা-১ এর পাশাপাশি ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) আসনেও প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে গতকাল বুধবার শেষদিনে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ভোলা-১ আসনে পার্থ বিএনপি ও ২০ দলসহ জাতীয় ঐক্যফ্রন্টের একক প্রার্থী। এই আসনে ২০০৮ সালের নির্বাচনে নবম সংসদে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ঢাকা-১৭ আসনেও পার্থ এবার ২০ দল ও ঐক্যফ্রন্টের একক প্রার্থী হিসেবে বিএনপির কাছে মনোনয়ন চেয়েছেন। তবে এই আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে দলের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরীকে মনোনয়ন দিয়েছে। রুহুলের সঙ্গে পার্থকেও প্রত্যয়নপত্র দিয়েছে বিএনপি। যাচাই-বাছাই শেষে পার্থ কিংবা রুহুল হবেন ২০ দল বা ঐক্যফ্রন্টের একক প্রার্থী।
ভোলা-১ আসনে পার্থর মনোনয়ন চূড়ান্ত হলে এই আসনে তার মূল প্রতিদ্বন্দ্বী হবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আর ঢাকা-১৭ আসনেও চূড়ান্ত প্রার্থী হলে এখানে তার মূল প্রতিদ্বন্দ্বী হবেন মহাজোট প্রার্থী জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। গতকাল এই আসনে এরশাদের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। অবশ্য ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে স্থানীয় আওয়ামী লীগ নেতা কাদের খানকে মনোনয়ন দিয়ে রেখেছে, তিনিও গতকাল মনোনয়নপত্র দাখিল করেছেন।
ব্যারিস্টার পার্থ গতকাল ইত্তেফাককে বলেন, ‘আমাদের দল বিজেপি নিবন্ধিত হলেও আমি ধানের শীষ প্রতীকেই নির্বাচন করবো। ভোলা-১ আসনে লড়বো তোফায়েল আহমেদের বিরুদ্ধে। আর ঢাকা-১৭ আসনে লড়বো আমার বাবার (মরহুম নাজিউর রহমান মঞ্জুর) সাবেক বসের (এরশাদের) বিপক্ষে।’
