সাঁথিয়ায় বাঁধ ভাঙ্গনে কয়েক কোটি টাকার ক্ষতিসাধন

আপডেট : ১৬ মে ২০১৪, ২২:২৫
পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের (আই-৩) ইছামতি নদীর মাধপুর তেলকূপি ক্রস বাঁধে ভাঙ্গনে হাজার হাজার হেক্টর জমির ফসল ও কয়েকশ’ মত্স্য প্রকল্প ভেসে প্রায় দুই কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার জগন্নাথপুর গ্রামের ময়েনউদ্দিন ও শিপপুর গ্রামের রনজু ওরফে জিয়া মিস্ত্রিকে দিয়ে নিম্নাঞ্চলে পানি সরবরাহের জন্য তেলকূপি এলাকার ক্রস বাঁধে জিআই পাইপ প্রবেশ করান। এতে রাত ৭টার দিকে বিকট শব্দে বাঁধটি ভেঙ্গে যায়। বাঁধ ভেঙ্গে লাখ লাখ টাকার মাছ পানির তোড়ে নিম্নাঞ্চলে ভেসে যায়। এদিকে নদীর নিম্নাঞ্চলে ইছামতি মরা খালে কৃষকের হাজার হাজার হেক্টর জমির ধান, পাট, শসা, মরিচ, পটলসহ কয়েকশ’ মত্স্য প্রকল্পের মাছ পানিতে ভেসে যায়। এতে কৃষক ও মত্স্যজীবীদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। ক্রস বাঁধ ভেঙ্গে ইছামতি নদী থেকে প্রায় দু’হাত পানি কমে যাওয়ায় পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের ইরিগেশন ও মত্স্য প্রকল্পের কাজ ব্যাহত হবার আশংকা করা হচ্ছে। শুক্রবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান ও নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম। মত্স্যজীবী সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জানান, বাঁধটি ভেঙ্গে যাওয়ায় আমার প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।