গাজীপুরে নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে

আপডেট : ১৬ মে ২০১৪, ২২:৩১
আগামী ১৯ মে গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার প্রচারণা তুঙ্গে। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের চোখে ঘুম নেই। তারা বিরামহীনভাবে গণসংযোগের পাশাপাশি নির্বাচনী মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত একক প্রার্থী বৃহত্তর মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যান পদে নির্বাচন করছেন বর্তমান ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন (আনারস), সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ (মোটর সাইকেল), বিশিষ্ট শিল্পপতি আওয়ামী লীগ নেতা ইউসুফ মোঃ সেলিম রেজা (কাপ পিরিচ), মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম (হেলিকপ্টার)। আওয়ামী লীগ থেকে দলীয় প্রার্থী চূড়ান্ত না করায় চারজনই মাঠে রয়েছেন এবং সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সম্মিলিত ইসলামিক পরিষদের ব্যানারে মুফতি নাসিরউদ্দিন খান দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন: মোঃ লিটন মিয়া (উড়োজাহাজ), জিয়ারত হোসেন সিকদার (টিয়াপাখি), আঃ গণি (টিউবওয়েল), ডাঃ মোঃ আলী আকবর (চশমা), মোশারফ হোসেন (মাইক)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন: হাসিনা রকার (ফুটবল), শাহিদা আক্তার জসুদা (পদ্মফুল), ফাহমিনা কায়সার (কলস) ও সাজেদা সুলতানা (প্রজাপতি)।