গাইড বইয়ের নামে আনন্দ স্কুলে উপবৃত্তির টাকা কর্তন

আপডেট : ১৬ মে ২০১৪, ২২:৩৩
কুতুবদিয়ার ২৬টি আনন্দ স্কুলের প্রায় ১ হাজার শিক্ষার্থীর উপবৃত্তির টাকা থেকে গাইড বই বাবদ ৮০ টাকা কর্তন এবং ২শ’ শিক্ষার্থীর অধিকাংশ টাকা আত্মসাত্ করেছেন প্রকল্পের ট্রেনিং সমন্বয়কারী। ট্রেনিং সমন্বয়কারী (টিসি) আবু ইউসুফ বলেন, ৪৮টি আনন্দ স্কুলে বই সংকট সামাল দিতেই এ কাজ করা হয়েছে। কুতুবদিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাবুল কান্তি ঘোষ জানান, বই সংকটের কথা টিসি তাকে কখনও বলেননি। সরকারের কাছে বইয়ের পর্যাপ্ত মজুদ রয়েছে। তিনি আরো জানান, গাইড বই বাবদ টাকা কর্তন অবৈধ। আমি যখন ট্রেনিংয়ে ছিলাম, তখন তিনি এ কাজ করেছেন। শিক্ষিকা নাজনীন কাউছার, ডালিয়া ও আমেনা বেগম জানান, ছাত্রপ্রতি ৮০ টাকা বরাদ্দ থাকলেও শিক্ষার্থীদের সম্পূর্ণ টাকা দেয়া হয়নি। রস্ক প্রকল্পের কমিউনিটি মোবাইলাইজার (সিএম) সাইফুর রহমান জানান, বৃত্তির টাকা বিতরণের সময় সিএম, টিসি, ব্যাংক কর্মকর্তা, সিএমসি সভাপতি, শিক্ষক এবং শিক্ষার্থী অথবা অভিভাবকদের উপস্থিতি থাকার নিয়ম থাকলেও তিনি কাউকে খবর না দিয়ে শুধুমাত্র শিক্ষিকাদের মাধ্যমে তড়িঘড়ি করে উপবৃত্তির টাকা বিতরণ করেন। কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার মমিনুর রশীদ জানান, অভিযোগ শুনেছি। খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।