রামগতিতে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি গ্রেফতার

আপডেট : ২৬ মে ২০১৯, ১৩:৩৬

লক্ষ্মীপুরের রামগতিতে পুলিশের উপর হামলা করে ছিনিয়ে নেওয়া মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গদাধর দাসকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে কমলনগর উপজেলার করুনানগর বাজারের দক্ষিণ পাশে শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া পুলিশের উপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার সন্দেহে দীপন চন্দ্র দাস নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। দীপন চর ডাক্তার আশ্রম এলাকার বিকাশ চন্দ্র দাসের ছেলে। তাদেরকে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: চার সমুদ্রবন্দরে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে

পুলিশ জানায়, শুক্রবার রাতে রামগতি থানার এএসআই মঈন উদ্দিন ৬ কনস্টেবলকে সঙ্গে নিয়ে রামগতি পৌরসভার চর ডাক্তার আশ্রম বাজারে চা দোকানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গদাধরকে গ্রেফতার করে। পরে গদাধরের কয়েকজন সহযোগী পুলিশের উপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় এএসআই মঈনউদ্দিনসহ দুই কনস্টেবল আহত হন।

এ ঘটনায় এএসআই মঈনউদ্দিন বাদি হয়ে শনিবার রামগতি থানায় মামলা দায়ের করেন। মামলায় গদাধর দাসসহ ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২জনকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

গদাধর চর ডাক্তার আশ্রমবাজার এলাকার কর্নধর দাসের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছেন এবং এলাকায় মাদক বিক্রেতা হিসাবে পরচিতি রয়েছে তার। ২০১৭ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তার এক বছরের কারাদণ্ড হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, পুলিশের উপর হামলা করে ছিনিয়ে নেওয়া সাজাপ্রাপ্ত পলাতক আসামি গদাধরকে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে। এছাড়া দীপন চন্দ্র দাস নামে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম