বরিশালে টেম্পো মালিক-শ্রমিক এবং বাস মালিক-শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বে নগরী থেকে সকল রুটে মাহেন্দ্র টেম্পো চলাচল বন্ধ রয়েছে। এর আগে বৃহস্পতিবার বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদে টেম্পো শ্রমিকরা ৮ ঘণ্টা ধর্মঘট পালনের পর প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করে।
মাহেন্দ্র টেম্পো মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি এসএম রফিক জানান, বৃহস্পতিবার ট্রাফিক বিভাগের উপ-কমিশনার কার্যালয়ে বাস মালিক-শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে টেম্পো মালিক-শ্রমিকদের বৈঠক হয়। সেখানে কিছু বিষয়ে মীমাংসার আশ্বাসে ধর্মঘট তুলে নেয়া হয়। কিন্তু গতকাল সকাল ৭টা থেকে বেশ কয়েকটি টেম্পো লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে দপদপিয়ার উদ্দেশ্যে রওনা হয়। রূপাতলী বাসস্ট্যান্ডে পৌঁছলে ১০-১২ বাস শ্রমিক টেম্পো থেকে যাত্রীদের নামিয়ে দেয় এবং চালকদের মারধর করে। সকাল ১০টা পর্যন্ত বাস শ্রমিকদের হামলায় আহত হয়েছে টেম্পো চালক সুমন, ইব্রাহিম, রাজ্জাক, মুনসুর, কামরুল। এদের মধ্যে মুনসুর ও কামরুলকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে বেলা ১২টা থেকে নগরীর সব রুটের টেম্পো চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা।
