যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান ও তার গাড়িচালক সোহেল নিখোঁজ হওয়ার পর প্রায় পক্ষকাল অতিবাহিত হয়েছে। কিন্তু এদের কোন খোঁজ পায়নি পুলিশ। এই ঘটনায় এ পর্যন্ত সুনামগঞ্জ ও ময়মনসিংহ থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা নিখোঁজদের অনুসন্ধানে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
এদিকে ব্রিটিশ হাই কমিশন কয়েকদিন আগে ব্রিটিশ নাগরিক মুজিবুর রহমানকে উদ্ধারের জন্য সরকারের নিকট অনুরোধ জানিয়েছে। একাধিক সূত্রে জানা যায়, নিখোঁজ প্রবাসী মুজিবুর রহমানের সন্ধান জানতে ব্রিটিশ হাই কমিশনের কয়েকজন কর্মকর্তা গত বুধবার সুনামগঞ্জ সফর করেন। তারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করে মুজিবুরের উদ্ধার তত্পরতা সম্পর্কে অবহিত হন এবং তাকে দ্রুত উদ্ধার করতে পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান।
প্রবাসী এই বিএনপি নেতা ও তার ড্রাইভার নিখোঁজের জন্য সুনামগঞ্জ ও সিলেট বিএনপি সরকারকে দায়ী করে তাদের দ্রুত উদ্ধারের জন্য হরতালসহ নানা কর্মসূচি পালন করেছে। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোন বক্তব্য দেয়া হয়নি। প্রসঙ্গত, গত ৪ মে বিএনপির গণঅনশন কর্মসূচি শেষে মুজিবুর রহমান মুজিব ও তার গাড়িচালক সোহেল সুনামগঞ্জ থেকে সিলেটে যাওয়ার পথে রাত ৮টার দিকে নিখোঁজ হন। নিখোঁজের দু’দিন পর ৬ মে মুজিবুরের এক স্বজন রবিউল ইসলাম সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন।
