চট্টগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৬ মে ২০১৪, ২৩:৪৫
চট্টগ্রামে পানিতে ডুবে শাকিল নামে ৬ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। নগরীর বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোড এলাকায় গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাকিল বাকলিয়ার পেশকার বাড়ির মো. সেলিমের ছেলে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ি সূত্র জানা যায়, বাসার পাশে খেলতে গিয়ে হঠাত্ পুকুরে পড়ে যায় শাকিল। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়ার পর চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে চট্টগ্রামে রাস্তা ঝাড়ু দেয়ার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে লতা দাশ (৪৪) নামে এক পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু হয়েছে। নগরীর কোতোয়ালী থানার শহীদ সাইফুদ্দিন খালেদ রোডে নির্মাণাধীন একটি বহুতল ভবনের সামনে গতকাল সকালে এ ঘটনা ঘটে। লতা দাশ কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার টেকপাড়ার মৃত মনোরঞ্জন দাশের স্ত্রী। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সিপিডিএল’র নির্মাণাধীন চিটাডেল ভবনের সামনে ঝাড়ু দেয়ার সময় বিদ্যুত্স্পৃষ্ট হন লতা দাশ। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।