হরিণাকুণ্ডুতে পুলিশ হত্যা মামলায় চার্জশিট আসামি ৩৫৩

আপডেট : ১৬ মে ২০১৪, ২৩:৪৫
দীর্ঘ এক বছর দু’ মাস দশ দিন পর হরিণাকুন্ডু উপজেলায় চাঞ্চল্যকর পুলিশ কনস্টেবল গাজী ওমর ফারুক হত্যা মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। আসামি করা হয়েছে জামায়াত-শিবির ও বিএনপি’র ৩৫৩ জনকে। হরিণাকুন্ডু থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল ইসলাম মঙ্গলবার ঝিনাইদহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামের আদালতে ৫৭৪ পৃষ্ঠার এই চার্জশিট দাখিল করেছেন বলে জানান। এ মামলার বেশ কিছু আলামতও আদালতে দাখিল করা হয়। দাখিলকৃত আলামত এর মধ্যে রয়েছে- নিহত পুলিশ কনষ্টেবল গাজী ওমর ফারুক-এর রক্তমাখা ইউনিফর্ম, বুট জুতো, হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট এবং রক্তমাখা মাটি ও শটগানের বেশ কিছু গুলির কার্তুজ। মামলায় সাক্ষী করা হয়েছে ৭৭ জনকে। তদন্ত কর্মকর্তা মহিবুল ইসলাম আরো জানান, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদির ফাঁসির রায় ঘোষণা করা হলে হরতালের ডাক দেয় ১৮ দল। হরতালের প্রথম দিন ৩ মার্চ হরিণাকুন্ডু উপজেলা পরিষদ এলাকায় দায়িত্ব পালন করা অবস্থায় হরিণাকুন্ডু উপজেলার সোনাতনপুর ক্যাম্পের পুলিশ কনষ্টেবল গাজী ওমর ফারুককে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় হরিণাকুন্ডু থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম তত্কালীন হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসাইনকে প্রধান আসামি করে ২২০ জন আসামির নাম উল্লেখ করে হত্যা মামলা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।