একই সাথে একাধিক বস্তু ক্রমাগত শূন্যে ছুড়ে দেওয়া এবং সেই সাথে সেগুলো লুফে নেওয়ার যে খেলা সেটিই কেতাবী ভাষায় জাগলিং নামে পরিচিত। আর এই জাগলিং এর ক্ষেত্রে বিপজ্জনক ও ধারালো বস্তু যেমন কাঠ কাটার কুঠার নিয়ে একটানা ৩৬৯ বার জাগলিং করেই গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন যুক্তরাজ্যের ক্রিস মার্লে। পেশাদার এই জাগলার মাত্র ৮ বছর বয়সে প্রথম গিনেজ বুক নাম লেখানোর পর থেকে জাগলিং দুনিয়ায় অনেক খ্যাতিই কুড়িয়েছেন। বিশেষ করে সহজ কঠিন যেকোনো ধরনের বস্তু দিয়ে জাগলিং এর কৃতিত্ব দেখানো মার্লে নানা সময়ে যেমন জাগলিং করেছেন ক্লাব বা বল নিয়ে তেমনি আংটি, ডিম বা আনারসের মতো বস্তুও বাদ যায়নি তার কসরতের তালিকা থেকে। তবে ব্যক্তিগতভাবে মার্লে নিজে সবসময়ই বিপজ্জনক কোনো সামগ্রী নিয়ে জাগলিং এর চ্যালেঞ্জ নিতে চাইতেন এবং তার এই ইচ্ছারই প্রতিফলন ঘটেছে কুঠার নিয়ে জাগলিং এর রেকর্ডটিতে।
