চীন ও ভিয়েতনামের সঙ্কট নিরসনে আলোচনার উদ্যোগ

আপডেট : ১৭ মে ২০১৪, ২১:৪৭
বিরোধপূর্ণ জলসীমায় বেইজিংয়ের তেল অনুসন্ধানকে কেন্দ্র করে চীন ও ভিয়েতনামের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি প্রশমনে আলোচনার প্রস্তাব দেয়া হয়েছে। চীন এ ব্যাপারে ভিয়েতনামের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করতে চায়। দুই দেশের বাণিজ্যমন্ত্রীর মধ্যে আগামী শুক্রবার চীনের কুইংডাও শহরে এ আলোচনা অনুষ্ঠিত হবে। চীনের কর্মকর্তারা মনে করেন, এ ধরনের সহিংসতায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় জাতিগত ও ব্যবসা-বাণিজ্যের মারাত্মক ক্ষতি হতে পারে। এদিকে দক্ষিণ চীন সাগরে এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। চীন এ মাসের শুরুর দিকে ভিয়েতনাম উপকূল থেকে ১২০ নটিক্যাল মাইল দূরে তেলের রিগ বসায়। পারাসেলস দ্বীপের কাছের এ জায়গাটির মালিকানা দাবি করে আসছে চীন ও ভিয়েতনাম দু’দেশই। ভিয়েতনাম চীনকে ঐ জায়গা থেকে অবিলম্বে সরে যেতে বলার পরই তীব্র বিরোধ দেখা দেয়। এ বিরোধের মধ্যে রিগের আশেপাশে পাহারারত চীনা জাহাজের সঙ্গে ভিয়েতনামী জাহাজের কয়েক দফা সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে বেইজিং বিরোধী বিক্ষোভ চরমে পৌঁছেছে।