দুর্ভোগে মনপুরা আশ্রয়ণ প্রকল্পের ৮০টি পরিবার

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:২২
ভোলার মনপুরায় আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী হতদরিদ্র ৮০টি পরিবার জীবনের ঝুঁকি নিয়ে দুঃখ-দুর্দশার মধ্যে দিনাতিপাত করছেন। আশ্রায়ণ প্রকল্প নির্মাণের পর থেকে অদ্যাবধি কোন মেরামত বা সংস্কার করা হয়নি। বাধ্য হয়ে হতদরিদ্র মানুষগুলো ভাঙ্গা ঘরে কোন মতে মাথা গোঁজার ঠাঁই নিচ্ছেন। এদের দুঃখ-দুর্দশা যেন দেখার কেউ নেই। বসবাসকারী পরিবারগুলোর সাথে কথা বলে জানা যায় সেনাবাহিনী ২০০০ সালে সোনার চর, চরযতিন(বিশ কলনী) ও আলম নগর আশ্রায়ণ প্রকল্প নির্মাণ করে। নির্মাণের পর ৮টি ইউনিটে ৮০ পরিবারকে বসবাসের জন্য ঘর বরাদ্দ দেয়া হয়। নির্মাণের ১৩ বছর পার হলেও এখনও এসব প্রকল্প মেরামত বা সংস্কার করা হয়নি। জীবনের ঝুঁকি নিয়ে রোদ বৃষ্টিতে ভিজে ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে দুঃখ-কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন এসব আশ্রয়ণ প্রকল্পের হত-দরিদ্র মানুষগুলো। সরজমিনে গিয়ে দেখা যায়,আশ্রায়ণ প্রকল্পের ঘরগুলোর পিলার মরিচা ধরে খসে খসে ধসে পড়ছে। টিনে মরিচা ধরে অসংখ্য ছিদ্র হয়ে গেছে। ঘরের দরজা-জানালা সম্পূর্ণ ভাঙ্গা। সামান্য বৃষ্টি হলে ছিদ্র টিন দিয়ে পানি পড়ে। বর্ষাকালে রাত জেগে খাটের উপর পলিথিন দিয়ে ছেলে-মেয়েদের নিয়ে কোনমতে জীবন কাটাতে হয়। নির্বাহী অফিসার আবদুল্লাহ আল বাকী বলেন, আশ্রয় প্রকল্পের সমস্যার কথা শুনেছি। উপজেলা প্রকৌশলীকে সরজমিন তদন্ত করে রির্পোট দেয়ার নির্দেশ দিয়েছি। রির্পোট হাতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।