বিকাশ এজেন্টের ডাকাতি হওয়া ২৫ লাখ টাকা অস্ত্র ও গুলি উদ্ধার

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:৩১
বরিশাল বিকাশ এজেন্টের ডাকাতি হওয়া ৭১ লাখ ৬১ হাজার টাকার মধ্যে প্রায় ২৫ লাখ টাকা, অস্ত্র ও গুলি এবং জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ গতকাল শনিবার সকালে গোপালগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ দু’ মহিলাকে আটক করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল থানার এস. আই ইয়াকুব আলী জানান, বরিশালের এ.এস.পি সার্কেল সুদীপ্ত সরকার ও গোপালগঞ্জের এ.এস.পি মো. মনিরুল ইসলামের নেতৃত্বে কাশিয়ানী উপজেলার পদ্মবিলা গ্রামে সৌমেন মিত্র ওরফে সুমনের বাড়িতে অভিযান চালায়। এ সময় নগদ ২৪ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা, একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, জাল টাকা তৈরির ১টি মেশিন, ২টি ল্যাপটপ ও ১টি মোটর সাইকেল উদ্ধার করেছে। সৌমেন পালিয়ে যেতে সক্ষম হলেও সৌমেন মিত্রর মা লক্ষ্মী রাণী মিত্র ও বোন শিখা রাণী মিত্রকে পুলিশ আটক করেছে। বরিশালের বিকাশ এজেন্ট সাদ এন্টারপ্রাইজের মালিক মো. মুনির হোসেন লিটন জানান, গত ২৭ এপ্রিল বরিশাল শহরে তার বিকাশ কর্মীর মাথায় পিস্তল ঠেকিয়ে ১২ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। ওই দিনই পয়সারহাট থেকে পুলিশ ১ সন্ত্রাসীকে গ্রেফতার করে। গত ২৪ ফেব্রুয়ারি হাসপাতাল রোডের বিকাশ এজেন্ট সাদ এন্টারপ্রাইজের অফিসে বোমা বিস্ফোরণ ও গুলি করে সন্ত্রাসীরা ৫৯ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। কাশিয়ানী থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ২৭ এপ্রিল পয়সারহাট থেকে গ্রেফতারকৃতের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ছিনতাইয়ের টাকা ও মালামাল উদ্ধার করে। তারা শুধু ছিনতাই ডাকাতিই নয় জাল টাকা তৈরির সাথেও জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।