শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
স্বপ্ন ছিল প্রবাসে হাড়ভাঙ্গা পরিশ্রম করে পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটানোর। দীর্ঘদিনের অভাবের সংসারে আসবে একটু সচ্ছলতা। এই প্রত্যাশা নিয়ে দেড় বছর আগে শিবচরের বহেরাতলা ইউনিয়নের সেনেরবাট এলাকার মৃত দলিলউদ্দিন খানের মেজো ছেলে আফতাব হোসেন খান (৪৫) পাড়ি জমান সৌদি আরবে। যাওয়ার আগে নিজের ভাগের ভিটে-জমি বিক্রি করেন তিনি। সচ্ছলতার স্বপ্ন বুকে নিয়ে পরিবার-পরিজনের টান ছিন্ন করে শুরু করেন প্রবাস জীবন। গত সোমবার রাতে সৌদি আরবের রিয়াদে ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির একজন আফতাব। এর মধ্য দিয়ে চিরতরে পুড়ে গেল তার পরিবারের স্বপ্ন। নিহত আফতাবের বাড়িতে গিয়ে দেখা যায়, শোকে বিহ্বল পুরো পরিবার।
