ঢাকায় দ্বিতীয় মতিঝিল আইডিয়াল

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:৫২
গতবারের প্রথম স্থান অধিকারী মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এ বছর ঢাকা বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে। স্কুলের ১৪০৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সকলে কৃতকার্য হয়েছে। বিজ্ঞান শাখা হতে ১১৬৩ জন শিক্ষার্থী অংশ নেয় এবং ১১৫৫ জন জিপিএ-৫ পায়। আর হিসাব বিজ্ঞান শাখায় ২৪২ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পায় ২০৩ জন। সফল যেন সামনভাবে অভিভাবকরাও স্কুলের মাঠে জড়ো হওয়া কৃতকার্য শিক্ষার্থীদের সঙ্গে গতকাল যোগ দেন অভিভাবকরাও। সকলের মুখে সফলতার হাসি বলে দেয় সফল সমানভাবে তারাও। বাসাবোর ফরিদা ইয়াসমিন বলেন, শিক্ষকরা যেমন সহযোগিতা করেছেন তেমন তারাও সন্তানের নোট সংগ্রহ, নিয়মিত পরীক্ষা দেয়া ও সুস্থ থাকার প্রতি যত্নশীল ছিলেন। এমনই আর একজন সুলতানা বেগম বলেন, ছেলে তাজবিউল হাসান বরাবরই ভাল করেছে। তাই তার আশা ছিল ছেলে এমনটাই করবে। বড় বোনকে দেখে প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী এসএম রফিকুজ্জামান। রফিক জানায় প্রাক-নির্বাচনী পরীক্ষার পরে স্কুল কর্তৃক নেয়া মডেল টেস্টগুলো ভাল ফল করতে তাদের বিশেষ সহযোগিতা করে। একই কথা বললো শাহেলা হক তিশা, মুন্তাহিনা শোক্ষা, তারিন তাসনিম, সুপর্না দত্তসহ অসংখ্য শিক্ষার্থী। অধ্যক্ষ যা বলেন স্কুলের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম বলেন, সব সময় প্রতিযোগিতা থাকবে। প্রতিযোগিতায় কোন স্কুল প্রথম, কোনটা দ্বিতীয় হবে। সেই ধারাবাহিকতায় এবছর আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি। ড. শাহান আরা বেগম মনে করেন হাতে গোনা কয়েকটি স্কুলই দিনের পর দিন প্রথম-দ্বিতীয় হওয়ার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বাকি স্কুলগুলো এগিয়ে আসতে পারছে না। যা ঠিক না, এই প্রতিযোগিতায় আরো অনেক মানসম্পন্ন স্কুলের অংশ নেয়া প্রয়োজন। এবছর দ্বিতীয় স্থানে থাকার জন্য অধক্ষ্য স্কুল, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার কথা উল্লেখ করেন। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার ফসল এই ফলাফল। কিছু শিক্ষার্থীর জিপিএ-৫ না পওয়া সম্পর্কে শাহান আরা বেগম বলেন, সবাই সমান মেধাবী হয় না। তারপরও বর্তমানে মেধাবী শিক্ষার্থী সংখ্যার দিন দিন বাড়ছে।