চট্টগ্রামে শীর্ষে কলেজিয়েট স্কুল

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:৫২
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে এবারও শীর্ষ তালিকায় রয়েছে কলেজিয়েট স্কুল। শিক্ষা মন্ত্রণালয়ের মানদণ্ডের ভিত্তিতে ৯৫ দশমিক ৩৬ পয়েন্ট অর্জন করেছে কলেজিয়েট স্কুল। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাসের হার ৯১ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮৮৪ জন। ফলাফল বিবেচনায় অধিকাংশ স্কুল গতবারের চেয়ে অনেক ভালো করেছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত জানান, চট্টগ্রাম বোর্ডে সার্বিক বিচারে এবার এসএসসির ফলাফল সন্তোষজনক। মহানগর ও জেলার স্কুলগুলোর পার্থক্যও অনেকটা কমে এসেছে। পার্বত্য এলাকার স্কুলগুলোতে পাসের হার বেড়েছে। চট্টগ্রাম বোর্ডে এবার ৯৬৩টি স্কুল থেকে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৯২ হাজার ১২৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৯১ হাজার ৮৪৭ জন। চট্টগ্রাম বোর্ডে মেয়েদের চেয়ে ছেলেরা ভালো করেছে। ছাত্রদের পাসের হার ৯২ দশমিক ৩৩ এবং ছাত্রীদের পাসের হার ৯০ দশমিক ৫৮ শতাংশ। শিক্ষা বোর্ড জানায়, নিবন্ধিত প্রার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, মোট পরীক্ষার্থীর শতকরা পাসের হার, জিপিএ-৫ প্রাপ্তির শতকরা হার ও প্রতিষ্ঠানের গড় জিপিএ থেকে মেধা তালিকার শীর্ষ স্কুল নির্ধারণ করা হয়ে থাকে। তার আলোকে এবারও কলেজিয়েট স্কুল শীর্ষ স্থানে তার অবস্থান ধরে রেখেছে। ৩৮৭ পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৬৮ জন। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে ৪২২ শিক্ষার্থীর সকলেই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৯১ জন। তৃতীয় স্থানে রয়েছে নগরীর প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়। ৯৩ দশমিক ৭৭ পয়েন্ট অজর্ন করেছে। এ স্কুলের ৩২০ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩১৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২৯৯ জন। এছাড়া শীর্ষ ২০ প্রতিষ্ঠানের অন্য স্কুল হচ্ছে- সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়, সিলভার বেলস গার্লস স্কুল, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চুয়েট স্কুল অ্যান্ড কলেজ, মির্জা আহমেদ ইস্পাহানী উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সেন্ট প্লাসিড হাই স্কুল, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সেন্ট স্কলাসটিকা গার্লস হাই স্কুল, শহীদ লে. জে. মুশফিক বীর উত্তম হাই স্কুল, কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়, অপর্ণা চরণ সিটি কর্পোরেশন গার্লস হাই স্কুল। ঘোষিত ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৩ দশমিক ৮৭ শতাংশ, মানবিক বিভাগে ৮৫ দশমিক ৯৯ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৯২ দশমিক ৯৪ শতাংশ। চট্টগ্রাম মহানগরে পাসের হার ৯৫ দশমিক ৬০ শতাংশ আর জেলার পাসের হার ৯১ দশমিক ৭০ শতাংশ। জেলার মধ্যে সবচেয়ে কম শিক্ষার্থী পাস করেছে রাঙ্গামাটি জেলায়। এ জেলায় পাসের হার ৮০ দশমিক ১৫ শতাংশ যা গতবারের তুলনায় ২ দশমিক ০৮ শতাংশ কম। কক্সবাজার জেলায় পাসের হার ৯১ দশমিক ৩১ শতাংশ, খাগড়াছড়ি জেলায় ৮৩ দশমিক ১৫ ও বান্দরবান জেলায় ৮৬ দশমিক ২৮ শতাংশ।