মোদীকে ঘাটানোর ব্যাপারে সাবধান!

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:৫৫
লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিজয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যম। ভারতের চিরপ্রতিদ্বন্দ্বি দেশ পাকিস্তানের পত্রপত্রিকা তাদের দেশের সরকারকে সতর্ক দিয়েছে মোদীকে ঘাটানোর ব্যাপারে সতর্ক থাকার জন্য। যেসব ক্ষেত্রে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত না করলেই নয়, সেসব ক্ষেত্রে ছাড়া বাড়াবাড়ি রকম কিছু না বলতে কিংবা না করতে পরামর্শ দেয়া হয়েছে পাক মিডিয়ার পক্ষ থেকে। দ্য নিউজ লেখে, দিল্লিতে নরেন্দ্র মোদীর জয় প্রচন্ড শক্তির উপর প্রতিষ্ঠিত। একেবারে অবিতর্কিত এক গণরায়ে ভারতের দন্ডমুন্ডের কর্তা হতে যাচ্ছেন মোদী। বিজেপি সরকারের অধীনে ভারতের সঙ্গে এই অঞ্চলের সম্পর্ক পুনর্মূল্যায়ন হতে পারে। মোদীর সরকারের সঙ্গে আমাদের জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করা উচিত। এটি আরো লেখে, কোনো চাপের কাছে পাকিস্তানের মাথা নত করা উচিত নয়। কিন্তু ঠুনকো বিষয় নিয়ে সংঘাতে যাওয়াও উচিত নয়। ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা লেখে, মোদীর নির্বাচনী প্রচারের ভাষণগুলো ছিল পাকিস্তানের জন্য ‘রেড এলার্ট’। কিন্তু তিনি বিজয়ের যত কাছাকাছি পৌছেছেন তত পরিপক্ক আচরণ করেছেন বলে মনে হয়। তাই মোদীকে নিয়ে কোনো পূর্ববর্তী নেতিবাচক ধারণা থেকে সংঘাতের রাস্তায় যাওয়া উচিত নয়। এটি আরো লেখে, মোদী বলেছেন তারা আমাদের সঙ্গে যেমন আচরণ করবে আমরাও তাদের সঙ্গে তেমন আচরণ করব। যেহেতু আমরা ইচ্ছা করলেই পাকিস্তানকে সরিয়ে অন্য কোনো দেশকে প্রতিবেশি হিসেবে স্থাপন করতে পারব না। এক্সপ্রেস ট্রিবিউন লেখে, ভারতের জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। পাকিস্তানকেও এটি মেনে নিয়ে সতর্কভাবে মোদীর সরকারের সঙ্গে ক্রিয়া-প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে। কারণ, বিজেপির জয় এই অঞ্চলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এতে আরো বলা হয়, মোদী তার শক্ত অবস্থান পরিবর্তন করতে নাও পারেন। তার সঙ্গে বিরোধে না জড়ালে দ্বিপাক্ষিক লাভ হবে বলে মন্তব্য করা হয়।