রাজধানীর যাত্রাবাড়ীতে পরিবারের সবাইকে অজ্ঞান করে দুর্বৃত্তরা নিয়ে গেছে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৭ লাখ টাকার মালামাল। শুক্রবার রাতে মাতুয়াইলের ৩৬, বিবির বাগিচায় এ ঘটনা ঘটে। অজ্ঞান হওয়া ৬ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, বাসার মালিক আবু বক্কর সিদ্দিক, তার স্ত্রী সালমা বেগম, মেয়ে আশেয়া, ভাই আলীম ও শাহিন,শাহিনের স্ত্রী জুলিয়া বেগম।
প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার দুপুরে সোনিয়া নামে এক মহিলা বাসা ভাড়া নেয়ার কথা বলে বাসায় আসে। এক পর্যায় ঐ মহিলা জানায়, বাসা তার পছন্দ হয়েছে। পরদিন সকালে তার স্বামী ও মা মালামাল নিয়ে আসবেন। রাতে তিনি বাসায় থাকতে চান। রাতে খাওয়া সেরে সোনিয়াকে থাকতে দেয়া হয় আবু বক্করের মেয়ে আয়শার সঙ্গে। এ দিকে গতকাল সকাল থেকে দুপুর গড়িয়ে যায়। বাসার কারো কোন সারা শব্দ নেই। এ অবস্থায় প্রতিবেশীরা এসে দেখে বাসার সবাই গভীর ঘুমে অচেতন। দরজা খোলা। বাসার মালামাল ছড়ানো ছিটানো। সোনিয়া লাপাত্তা।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনী শংকর জানান, ধারণা করা হচ্ছে আগন্তক ঐ মহিলা রাতের খাবারের সঙ্গে কৌশলে কোন চেতনা নাশক ওষুধ মিশিয়ে খাওয়ায়। এরপর সবাই অচেতন হয়ে পড়লে বাসার মালামাল নিয়ে পালিয়ে যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
আবু বক্করের স্বজনদের দাবি বাসা থেকে লুট হয়েছে নগদ ৭০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ সাত লাখ টাকার মালামাল।
