উপজেলার বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবির সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। গতকাল শনিবার বালোগাড়ীহাটে একদল মুখোশধারী সন্ত্রাসী তার উপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে ঘোড়াঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আশংকাজনক অবস্থায় হুমায়নকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি মারা যান।
নিহত হুমায়ন কবির বরাতীপুর মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। এলাকায় হুমায়ন মাস্টার হিসাবে পরিচিত এই নেতার মৃত্যু সংবাদ এলাকায় পৌঁছলে পরিবেশ অশান্ত হয়ে উঠে। অবরোধ করে নেতাকর্মী ও স্থানীয়রা। পরে উপজেলা নির্বাহী অফিসার তবিবুর রহমান, ফুলবাড়ী সার্কেলের এএসপি সুশান্ত কুমার ও ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
