কাপাসিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ওসিসহ আহত ১০

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:৫৭
জেলার কাপাসিয়ায় গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যার্বতন দিবস এবং ডাক বাংলো উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগের ২ পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে থানার ওসিসহ ১০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকসহ ১১ জনকে গ্রেফতার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, শনিবার সকালে কাপাসিয়া ডাক বাংলো উদ্বোধনের কথা ছিল। অপরদিকে অপর একটি পক্ষ কাপাসিয়া বাজারে জড়ো হতে চেষ্টা করলে আওয়ামী লীগের ২ পক্ষ সংঘর্েষ জড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে সাবেক থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আরিফসহ নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ মহাসড়কে শ্রীপুরের ধলাদিয়া বাজার এলাকায় নেতা-কর্মীরা ব্যারিকেড সৃষ্টি করে। এ সময় একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়া হয়। শ্রীপুর থানার ওসি মহসিন কাদের জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে কাপাসিয়ায় ২ যুবককে আটক করা হয়। এছাড়া গাজীপুর শহরে আরিফের সমর্থক নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।