জন্মদিনে বিডিসাইক্লিস্ট

আপডেট : ১৮ মে ২০১৪, ১৯:৪৮
নতুন প্রজন্মের মাঝে দু’চাকার সাইকেলের জনপ্রিয়তার অন্যতম কারণ বিডিসাইক্লিস্ট গ্রুপ। বাংলাদেশের একমাত্র এই দ্বিচক্রযানের সংঠনটি হাঁটিহাঁটি পা পা করে পার করল তিন বছর। আর এই উপলক্ষে রাজধানীর দৃক গ্যালারিতে তারা এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। ‘বাইসাইকেল অ্যান্ড বাংলাদেশ’ নামের প্রদর্শনীতে শোভা পাচ্ছে সাইক্লিস্টদের চোখে দেখা বাংলাদেশের রূপ। এ নিয়ে আমাদের এবারের আয়োজন গ্যালারিতে টাঙানো ছবিগুলোতে ফুটে উঠেছে সাইকেলের সঙ্গে সম্পৃক্ত নানান দৃশ্য। তাই তো গ্রামের মেঠো পথে সাইকেল চালিয়ে যাওয়ার ছবি যেমন আছে, তেমনি আছে বিশাল কাঠের গুঁড়ি সাইকেলের সঙ্গে বেঁধে জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার ছবি। আর এসব আলোকচিত্র বাছাই করতে গিয়ে বিডিসাইক্লিস্টের সদস্যদের হতে হয়েছে গলদঘর্ম। কারণ চার শ’রও বেশি ছবি থেকে বাছাই করে ২৮ জন ফটোগ্রাফারের ৫৮টি ছবি নিয়ে এই ছবির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গত ১৫ মে এই আয়োজনের উদ্বোধনকালে লাল ফিতা কাটেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের, যিনি নিজেও একজন সাইক্লিস্ট। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জীবন ও সাইকেলের সঙ্গে এই যে যোগাযোগ ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে তা সত্যি প্রশংসনীয়।’ প্রথমদিকে মডারেটরদের মধ্যে ছিলেন—মোজাম্মেল হক, ফুয়াদ আহসান চৌধুরী, মাইনুল ইসলাম রাহাত, হামিদুর রশিদ তপু, দ্রাবিড় আলম, আলি ইমরান ইমাম, আরিফুর রহমান, সাদ্দাম হোসেন এবং নুর-এ নাজিয়া বিপা। দ্বিতীয় পর্যায়ে ত্রিশ-চল্লিশনের একদল সক্রিয় কর্মী বিডিসাইক্লিস্টের সাধারণ সদস্যদের সাইকেল চালনা এবং বিভিন্ন আয়োজনের সমন্বয় ঘটাতে থাকে। বর্তমানে তাদের রয়েছে নানা রকম নিয়মিত আয়োজন। যেমন—শিক্ষানবিশ চালকদের নিয়ে প্রতি শুক্রবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাইক রাইড। প্রতি শনিবার ভোর ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রশিক্ষিত চালকদের নিয়ে ‘জোসিলা স্যাটারডে রাইড’। শুধু সাইকেল চালনাই নয়, বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজেও জড়িয়ে আছে বিডিসাইক্লিস্ট। প্রদর্শনীর ভেন্যু পার্টনার ছিল নানদোজ ও অনলাইন মিডিয়াপার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। এ ছাড়াও জন্মদিন উপলক্ষে ১৬ মে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সকাল ৭টায় বিশেষ র্যালির ব্যবস্থা করা হয়।