অন্য প্রতিষ্ঠানগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা হলো কর্পোরেট ম্যানেজারদের প্রধান কাজ। বিভিন্ন প্রতিষ্ঠানে এই পদটি বিভিন্ন নামে পরিচিত। তবে এই পদের গুরুত্ব প্রত্যেক প্রতিষ্ঠানেই সমান। প্রজন্মের এক মেধাবী কর্পোরেট ম্যানেজারের নাম মো. তারিকুল ইসলাম। তিনি এই প্রজন্মকে দিলেন নানা পরামর্শ।
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড
প্রজন্মের কাছে এক কাঙ্ক্ষিত পেশা হলো কর্পোরেট ম্যানেজার। এর গ্রহণযোগ্যতাও অনেক। কোম্পানির মার্কেটিং ইস্যু, আভ্যন্তরীণ সম্পর্ক, ব্র্যান্ডিং, বিজনেস জেনারেশন, কোম্পানিকে অন্য কোম্পানির সামনে উপস্থাপন করাসহ নানা কাজ করতে হয় একজন কর্পোরেট ম্যানেজারকে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এই পেশায় কোম্পানির ডিসিশন মেকিংয়ের দায়িত্ব পালন করতে হয় যা নিজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পেশায় ভালো করতে হলে যেটি আবশ্যক সেটি হলো, কঠোর পরিশ্রম করতে হবে। দায়িত্বশীলতা, ধৈর্য, আত্মবিশ্বাস, নিষ্ঠা ও সততার সাথে কাজ করলে এই পেশায় সাফল্য সুনিশ্চিত। তবে এই পেশায় ভালো করতে হলে ছাত্রজীবনে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত থাকতে হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের নানা অনুষ্ঠানগুলোতে যোগ দিতে হয়। তবে কেবলমাত্র এই পেশা সম্পর্কে বলতে বললে বলা যায় যে, অবশ্যই অন্যদের থেকে একটু ভিন্নভাবে ও দ্রুত কোনো কিছু ভাবার যোগ্যতা থাকতে হবে। এই পেশায় ভালো করতে হলে সবসময় চোখ-কান খোলা রাখা খুবই জরুরি, আপডেট থাকতে হবে, মানুষজনের সাথে মেশার ক্ষমতা থাকতে হবে, অর্পিত দায়িত্ব সত্ভাবে, পরিশ্রম করে, আন্তরিকতার সাথে করতে হবে—তবেই এই পেশায় নতুন প্রজন্ম সাফল্য অর্জন করতে সক্ষম হবে।
