পাসের হারে সেরা রাজশাহী বোর্ড

আপডেট : ১৮ মে ২০১৪, ২১:৩৮
এবারের এসএসসি পরীক্ষায় সকল বোর্ডের মধ্যে সেরা পাসের হার অর্জন ছাড়াও জিপিএ-৫ প্রাপ্তিতেও রেকর্ড অর্জন করেছে রাজশাহী শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। এবার রাজশাহী বোর্ডের পাসের হার ৯৬ দশমিক ৩৪ শতাংশ। যা প্রতিষ্ঠার পর সর্বোচ্চ। গতবছর পাসের হার ছিল ৯৪ দশমিক শূন্য ৩ শতাংশ। এবার জিপিএ-৫ ও শতভাগ পাসের হারের স্কুলের সংখ্যাও বেড়েছে। এবার ২ হাজার ৫৪২টি স্কুলের ১ লাখ ২৩ হাজার ১৮২ শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ২২ হাজার ১৬৮ জন পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাস করেছে ১ লাখ ১৭ হাজার ৬৯৩ শিক্ষার্থী। এবার ১ হাজার ৫৫টি স্কুলের পাসের হার শতভাগ। গত বছর এ সংখ্যা ছিলো ৬৬৭টি। এবারো ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার বেশি। মেয়েদের পাসের হার ৯৬ দশমিক ৫০ শতাংশ এবং ছেলেদের ৯৬ দশমিক ১৯ শতাংশ। তবে জিপিএ-৫ প্রাপ্তিতে এবারো ছেলেরা এগিয়ে। এবার ১৯ হাজার ৮১৫ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে ছেলে ১০ হাজার ৮২৫ এবং মেয়ে ৮ হাজার ৯৯০ জন। গতবছর জিপিএ-৫ প্রাপ্ত ১২ হাজার ২০৩ শিক্ষার্থীর মধ্যে ছেলে ৬ হাজার ৯৯৩ ও মেয়ে ৫ হাজার ২১০ জন। সেরা কুড়িতে বগুড়ার ৭, রাজশাহীর ৫ স্কুল এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী বোর্ডের সেরা ২০টি স্কুলের মধ্যে বগুড়ার ৭টি এবং রাজশাহীর ৫টি স্কুল স্থান পেয়েছে। এবার রাজশাহী বোর্ডে সেরা ফলাফল করেছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। এই স্কুলের ২৭১ শিক্ষার্থীর সকলে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। দ্বিতীয় বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫৭ শিক্ষার্থীর সকলে উত্তীর্ণ হয়েছে ও জিপিএ-৫ পেয়েছে ২৫১ জন। তৃতীয় বগুড়া জিলা স্কুলের ২৬২ শিক্ষার্থীর সকলে উত্তীর্ণ, জিপিএ-৫ পেয়েছে ২৫০ জন। চতুর্থ নওগাঁ সরকারি কেডি উচ্চ বিদ্যালয়ের ২০৭ শিক্ষার্থী সকলে উত্তীর্ণ, জিপিএ-৫ পেয়েছে ১৯৬ জন। পঞ্চম রাজশাহী সরকারি ল্যাবরেটরি হাই স্কুলের ১০৮ শিক্ষার্থীর সকলে উত্তীর্ণ, জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন। ষষ্ঠ বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের ২১৫ শিক্ষার্থীর সকলে উত্তীর্ণ, জিপিএ-৫ পেয়েছে ২০১ জন। সপ্তম রাজশাহী কলেজিয়েট স্কুলের ২২৮ শিক্ষার্থীর সকলে উত্তীর্ণ, জিপিএ-৫ পেয়েছে ২১৩ জন। অষ্টম রাজশাহী ক্যাডেট কলেজের ৫২ শিক্ষার্থীর সকলেই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। নবম পাবনা ক্যাডেট কলেজের ৫১ শিক্ষার্থীর সকলে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ। দশম বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ২২৮ শিক্ষার্থীর সকলে উত্তীর্ণ, জিপিএ-৫ পেয়েছে ২০৭ জন। ১১তম পাবনা জিলা স্কুলের ২৮৮ শিক্ষার্থীর সকলে উত্তীর্ণ, জিপিএ-৫ পেয়েছে ২৪৯ জন। ১২তম রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪৮ শিক্ষার্থীর সকলেই উত্তীর্ণ, জিপিএ-৫ পেয়েছে ১৪১ জন। ১৩তম নাটোর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ৮২ শিক্ষার্থীর সকলে উত্তীর্ণ, জিপিএ-৫ পেয়েছে ৮০ জন। ১৪তম বগুড়ার এসওএস হারম্যান গ্রামিনার কলেজের ৪৭ শিক্ষার্থীর সকলে উত্তীর্ণ, জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন। ১৫তম বগুড়া পুলিশ লাইন হাই স্কুলের ২২০ শিক্ষার্থীর সকলে উত্তীর্ণ, জিপিএ-৫ পেয়েছে ১৯৪ জন। ১৬তম চাঁপাইনবাবগঞ্জের হারিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ২৫৩ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ২৫২, জিপিএ-৫ পেয়েছে ২০১ জন। ১৭তম রাজশাহীর সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের ২২৭ শিক্ষার্থীর সকলে উত্তীর্ণ, জিপিএ-৫ পেয়েছে ১৯১ জন। ১৮তম নওগাঁ জিলা স্কুলের ১২১ শিক্ষার্থীর সকলে উত্তীর্ণ, জিপিএ-৫ পেয়েছে ১০৫ জন। ১৯তম পাবনা সরকারি গার্লস হাই স্কুলের ২৬১ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ২৬০ জন, জিপিএ-৫ পেয়েছে ১৯৯ জন। ২০তম সিরাজগঞ্জের সরকারি বিএল উচ্চ বিদ্যালয়ের ২৬১ শিক্ষার্থীর সকলে উত্তীর্ণ, জিপিএ-৫ পেয়েছে ১৯৪ জন। এদিকে সেরা কুড়িতে স্থান না পেলেও রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, সরদহ সরকারি পাইলট হাই স্কুল, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল, মোহনপুর সরকারি হাই স্কুল জেলার সেরা দশে স্থান পেয়েছে। তবে অগ্রণী স্কুল এন্ড কলেজ জেলার সেরা দশেও স্থান পায়নি।