মোদীর বিজয়ে আওয়ামী লীগ নার্ভাস :ফখরুল

আপডেট : ১৮ মে ২০১৪, ২৩:০৯
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপির নিরঙ্কুশ জয়ে বিএনপি নয়, আওয়ামী লীগই নার্ভাস হয়েছে। তিনি বলেন, ভারতের নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের এতো উজ্জীবিত হওয়ার কোনো কারণ আছে বলে মনে করি না। কিন্তু বর্তমান ক্ষমতাসীন শাসকদলের মন্ত্রী-এমপিদের কথা শুনে মনে হয় তারা যেন নার্ভাস হয়ে পড়েছেন। কারণ তারা জানেন, তাদের নতজানু পররাষ্ট্রনীতিতে কোনো ন্যায্য অধিকার আদায় করা সম্ভব নয়। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে ‘ভারতের কঠোর পানি আগ্রাসনের কবলে বাংলাদেশ : পরিত্রাণের উপায় ও আশু করণীয় নির্ধারণ’ শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকের আয়োজন করে আগ্রাসন প্রতিরোধে জাতীয় কমিটি। বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন- বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মোবিন প্রমুখ। মির্জা ফখরুল বলেন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা তাদের কাছে বন্ধুসুলভ ব্যবহার প্রত্যাশা করি। তাই ভারতে নতুন যে সরকার ক্ষমতায় এসেছে তাদের কাছে আশা করবো, ভারত- বাংলাদেশের সঙ্গে যে চ্যালেঞ্জগুলো আছে এবং বিদ্যমান যে সব সমস্যা রয়েছে তা সমাধানে তারা কার্যকর ভূমিকা রাখবে। মির্জা ফখরুল বলেন, ভারত সরকারের পরিবর্তনে আমরা নাকি উল্লাস করছি, আমরা কেন উল্লাস করবো? ভারতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে। এক দল জয়ী হয়েছে। তারা উল্লাস করবে,ভারতের জনগণ উল্লাস করবে। এদিকে এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের আন্দোলনের জোয়ারেই এই সরকারের বিদায় নিশ্চিত হবে। বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদকে কারাগারে প্রেরণের ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, এই ঘটনা সরকারের চরম প্রতিহিংসারই বহিঃপ্রকাশ। সরকারের নির্মম ও স্বেচ্ছাচারিতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসী যখন সোচ্চার, তখন তারা আরও বেপরোয়া ও উন্মত্ত হয়ে উঠেছে। ‘র্যাব হত্যা গুম ও অপহরণের মূর্ত প্রতীক’ এদিকে গতকাল এক সাংবাদিক সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ ক্রসফায়ার আর বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যা বন্ধ করে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন। তিনি বলেন, সরকারি পেষণযন্ত্র জনগণের টুঁটি চেপে ধরেছে। র্যাব হত্যা গুম ও অপহরণের মূর্ত প্রতীকে পরিণত হয়েছে। তাই রাষ্ট্রীয় সন্ত্রাসের এক নতুন ‘ফ্রাংকেনস্টাইনের দানব’র নাম র্যাব। আজ সোমবার অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনের ফলাফল বিগত দিনের মতোই সরকার ছিনিয়ে নেবে- এমন আশঙ্কা করে রিজভী বলেন, বিভিন্ন জায়গা থেকে খবর আসছে ভোটের আগের দিনই ব্যালট দিয়ে ভোটবাক্স ভর্তি করে রাখার পরিকল্পনা করা হচ্ছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।