বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলমের সহযোগিতায় র্যাবই প্যানেল মেয়র তারিকুল আলম তুহিনকে অপহরণ করেছে বলে অভিযোগ করেছে পরিবারের সদস্যরা। গতকাল রবিবার বেলা ১১টায় নিখোঁজ তুহিনের বেনাপোলস্থ বাড়ির সামনে জনাকীর্ণ এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন তার স্ত্রী সালমা আলম।
সাংবাদিক সম্মেলনে সালমা আলম বলেন, ২০১৩ সালের ৭ মার্চ বেলা সাড়ে ১১টায় তারিকুল আলম তুহিন ঢাকার শেরে বাংলা নগরস্থ ন্যাম ফ্লাটের শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিনের বাসভবন হতে নেমে ফার্মগেইটের দিকে যাওয়ার সময় নিখোঁজ হন।
তিনি জানান, বেনাপোল পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম স্বচ্ছতার সাথে বাস্তবায়ন না হওয়ায় তুহিন প্রতিবাদ করলে মেয়র আশরাফুল আলম লিটনের আক্রোশের শিকার হন। তারই ধারাবাহিকতায় গত বছরের ৪ ও ৫ মার্চ যশোর-৬-এর র্যাব সদস্যরা তুহিনের বাড়ি ঘেরাও করে এবং তালা ভাংচুরের মত ঘটনা ঘটায়। পরের দিন তুহিন র্যাবের ভয়ে ঢাকায় চলে যায়। সেখান থেকে র্যাব তাকে অপহরণ করে।
সালমা আরো বলেন, এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় গত বছরের ১৩ মার্চ একটি মামলা করা হয়। পরবর্তীতে ব্যাপক তদন্তের জন্য মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়। স্থানীয় কোন প্রশাসন তুহিনের নিখোঁজের ব্যাপারে আমাদের সহযোগিতা করেনি। থানায় গ্রেফতারি পরোয়ানা এলেও তা কার্যকর করেনি তত্কালীন ওসি।
সংবাদ সম্মেলনে তুহিনের বাবা ডা. ইউসুফ আলম, মা আনোয়ারা বেগম, বড় ভাই প্রভাষক শরিফুল আলম শাহিন, তুহিনের এক বছরের শিশুপুত্র, বোনসহ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহমেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেলসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
