র্যাবের পেছনে সরকারের মদদ রয়েছে, সারা দেশে গুম খুন তারই প্রতিফলন

আপডেট : ১৯ মে ২০১৪, ২২:১৮
নিউইয়র্কে আব্দুল্লাহ আল নোমান যুক্তরাষ্ট্র সফররত বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাব বিলুপ্ত করার কথা বললেও সরকার এটা নিয়ে রাজনীতি করছে। তিনি বলেন, খুন-গুমের জন্য শুধু র্যাবের চেহারা দেখলে হবে না। র্যাবের পেছনে সরকারের মদদ রয়েছে এবং সারা দেশে খুন-গুম তারই প্রতিফলন। প্রচলিত আইনে আজ সম্ভব না হলেও একদিন এসবের বিচার হবেই। ‘বাংলাদেশে গুম, খুন নির্যাতন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে’ স্থানীয় সময় রবিবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। জাতীয়তাবাদী সমর্থক সংগঠন ‘আই বিএনপি’ আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ডা. মইনুল ইসলাম মিঞা। অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, আলহাজ্ব সোলায়মান ভুঁইয়া, ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, মনজুর চৌধুরী, জাসাস নেত্রী কণ্ঠশিল্পী বেবী নাজনীন প্রমুখ। প্রতিবাদ সভার সঞ্চালক ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ও যুবদল নেতা আবু সাঈদ আহমেদ। আব্দুল্লাহ আল নোমান বলেন, দেশে বিনিয়োগ হচ্ছে না। অর্থনৈতিক অবস্থা খারাপ। মানুষের নিরাপত্তা নাই। এ অবস্থায় দেশ চলতে পারে না। তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের খুঁটি ভেঙে দিতে হবে। এজন্য দরকার ঐক্য। শুধু জাতীয়তাবাদী শক্তি নয়, জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।