কারাগারে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির

আপডেট : ১৯ মে ২০১৪, ২৩:০৮
সরকারি কাজে বাধা দেয়া এবং রাণীনগরের তত্কালীন থানা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানকে লাঞ্ছিত ও হত্যার হুমকি প্রদান করার মামলায় জোট সরকারের সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরের জামিন না-মঞ্জুর করে নওগাঁর কারাগারে পাঠিয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির নওগাঁর আমলি আদালত-২ এ আত্মসমর্পণ করে গতকাল সোমবার দুপুরে জামিনের আবেদন করেন। আদালতে শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহাগ তালুকদার তার জামিনের আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে আলমগীর কবির নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) এলাকার সংসদ সদস্য থাকাকালীন সময়ে রাণীনগরের তত্কালীন থানা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেয়া এবং টিএনও মোস্তাফিজুর রহমানকে লাঞ্ছিতসহ হত্যার হুমকি প্রদান করার অভিযোগ এনে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা আলমগীর কবিরসহ ৪ জনের নামে ১৯৯৭ সালের ১১ অক্টোবর চার্জশিট প্রদান করেন। অন্য আসামিরা হলেন মো. নজরুল মাস্টার, সানোয়ার হোসেন ও রুহুল আমীন। এ মামলায় আলমগীর কবির উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। পরবর্তীতে উচ্চ আদালতের জামিনের মেয়াদ ২০১৪ সালের ১৯ মার্চ শেষ হলে নিম্ন আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ওই মামলায় গতকাল আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তার জামিন না-মঞ্জুর করে নওগাঁর কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। উল্লেখ্য, আলমগীর কবির ২০০১-২০০৬ সাল পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পরে শিশু ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।