বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-৩ জয়পুরহাট ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদারের অপসারণসহ ৩ দফা দাবিতে আজ মঙ্গলবারও জেলার হিলি স্থলবন্দরে হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিকে গতকাল সোমবার হিলি স্থলবন্দরে সর্বাত্মক সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। হরতাল চলাকালে বিক্ষোভ-সমাবেশ করেছে আন্দোলনরত স্থালবন্দরের ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ। সমাবেশে আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালসহ বিজিবি সদস্যদের কাছে বাজারে পণ্য বিক্রি না করার নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।
এদিকে ব্যবসায়ীদের আন্দোলনের কারণে অচল হয়ে পড়েছে হিলি স্থলবন্দর। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন হিলি স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাসেম আজাদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন। টানা ৬ দিনের এ লাগাতার আন্দোলনের কারণে সরকার ৬ কোটি টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়েছে বলে দাবি করেন হিলি স্থলবন্দর কাস্টমস অফিসের রাজস্ব কর্মকর্তা মো. মনিরুজ্জামান চৌধুরী।
অপরদিকে গতকাল জেলা প্রশাসক কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ব্যবসায়ীদের ৩ দফা দাবি মেনে না নেয়ায় বৈঠকটি ভেস্তে যায়। পানামা পোর্ট লিংক লিমিটেডের পার্শিয়াল অপারেশন ম্যানেজার এস এম হায়দার জানান, ব্যবসায়ীদের আন্দোলনের কারণে হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ ও পানামা পোর্ট অথরিটি বন্দরের আয় থেকে বঞ্চিত হয়ে রয়েছে। এতে পার্শিয়াল অপারেশনে তাদের বিঘ্নতার সৃষ্টি হচ্ছে।
