নগরীর বিআরটিসি টার্মিনাল সংলগ্ন রেয়াজউদ্দিন বাজারের একটি আবাসিক হোটেলে গতকাল সোমবার নৃশংসভাবে খুন হয়েছে এক তরুণী। তরুণীর নাম জ্যোত্স্না বেগম (২১)। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে জাকির আহমেদ (২২) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, জাকির ওই তরুণীকে নিয়ে গত রবিবার মধ্যরাতে রেয়াজউদ্দিন বাজারের এক হোটেলের একটি কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠে। ভোররাতে ওই কক্ষ থেকে চিত্কার ভেসে আসলে, সেখানে ছুটে গিয়ে হোটেলের লোকজন দেখতে পায় জ্যোত্স্না রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। তার সারা শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ জাকিরকে হত্যাকাণ্ডে ব্যবহূত ছুরিসহ গ্রেফতার করে। জাকিরের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরের জাফরাবাদ গ্রামে।
