আমি একাই চারজনকে পুড়িয়ে হত্যা করি

আপডেট : ২০ মে ২০১৪, ২২:০৬
জেলায় কেরোসিন ঢেলে স্ত্রীসহ চারজনকে পুড়িয়ে হত্যার ব্যাপারে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন আজাদ মোল্লা। সোমবার সন্ধ্যায় তিনি গোপালগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান তামান্নার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। আজাদ মোল্লা হত্যাকাণ্ডর কথা স্বীকার করে বলেন, আমি একাই ঘরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে চার জনকে পুড়িয়ে হত্যা করি। আমার স্ত্রী শরিফা বেগম পরকীয়ায় আসক্ত ছিল। তাকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েই আমি স্ত্রী ও শাশুড়িকে হত্যার পরিকল্পনা করি। আমার শাশুড়ি ও স্ত্রী একই খাটে ঘুমাত। গত শনিবার রাতে সদর উপজেলার কাজীর বাজারের একটি দোকান থেকে কেরোসিন কিনে এসে শ্বশুর বাড়ি গিয়ে আমার শাশুড়ি ও স্ত্রী যেখানে ঘুমায় সেখানে কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যাই। গত শনিবার মধ্যরাতে আজাদ সদর উপজেলার ডুমদিয়া গ্রামে শাশুড়ির ঘরে কেরোসিন ঢেলে আগুন দিলে শাশুড়ি ফুড়িয়া বেগম, ভায়রার ছেলে তামিম, আমিনুর সরদার ও ভায়রার মেয়ে তনিমা আগুনে পুড়ে মারা যায়।