ভারতের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন দল কংগ্রেসের ভরাডুবির দায় নিয়ে দলীয় সভানেত্রী সোনিয়া গান্ধী এবং সহ-সভাপতি রাহুল গান্ধীর পদত্যাগের প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি মনে করেন, তারা পদত্যাগ করলেই সমস্যার সমাধান হবে না এবং এই নির্বাচনের ফলও উল্টে যাবে না। সোমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে এই দু’জনের পদত্যাগ পত্র খারিজ করে দেয় কংগ্রেস। মনমোহন সিং তাদের পদত্যাগের প্রস্তাবের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন।
মনমোহন সিং বলেছেন, লোকসভা নির্বাচনে সারা দেশে যে ফল বিপর্যয় হয়েছে তার দায়ভার কোনো যুক্তিতেই দলীয় নেত্রী ও সহ-সভাপতির উপর চাপতে পারে না। নির্বাচনে সফলতার জন্য গোটা দলকেই অভিনন্দন জানানো হয়। সব স্তরের নেতা-কর্মীরাই সাফল্যের ভাগিদার হন । কিন্তু ব্যর্থতার জন্য শীর্ষনেতৃত্বকে কেন একচেটিয়া দোষ দেয়া হবে।
কংগ্রেস সূত্র জানায়, নির্বাচনে খারাপ ফলের সব কারণ খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর সাংবাদিকদের সামনে দলের পরাজয়ের দায় স্বীকার করে নেন সোনিয়া ও রাহুল গান্ধী। কিন্তু কংগ্রেসের অনেক নেতাই মনে করেন, এবার নির্বাচনী পরিস্থিতি পুরোপুরি বিজেপির অনুকূলে ছিল।
