আঠারমাইল-তালা-পাইকগাছা সড়কের পুরোটাই গর্তে ভরা। কোথাও ভালো নেই। দেশের মূল ভূখন্ডের সঙ্গে দক্ষিণ জনপদের তিনটি উপজেলার ২২টি ইউনিয়নের ১৫ লাখ মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম হলো দুর্দশাগ্রস্ত-এ রাস্তাটি। এলাকার সব শ্রেণি ও পেশার মানুষের এক কথা, সড়কের এ দুরাবস্থার কারণে উপকূলীয় এলাকাটি বিচ্ছিন্ন জনপদে পরিণত হয়েছে।
তালা বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক সরদার জাকির হোসেন জানান, খুলনা, সাতক্ষীরা, যশোরসহ দেশের বিভিন্ন স্থানের সঙ্গে সাতক্ষীরার তালা উপজেলার চারটি, খুলনার পাইকগাছা উপজেলার একটি পৌরসভাসহ ১১টি ও কয়রা উপজেলার সাতটি ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম হলো এ সড়ক।
সড়কের তালা উপজেলা সদর থেকে পাইকগাছার গোলাবাটি এবং তালার গোনালী খৈতলা এলাকার অবস্থা সব থেকে বেশি খারাপ। যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকগুলো চলার সময় বারে বারে গর্তে উল্টে পড়ছে। খুলনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ওলিউল হোসেন সড়কটির সমস্যার কথা স্বীকার করে জানান, সড়কটি মূলত কপোতাক্ষ সমস্যার শিকার। এ নদের উপচে পড়া পানিতে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবুও জনগণের যোগাযোগ সমস্যা সমাধানে কর্তৃপক্ষের চেষ্টার ক্রটি নেই। এবারও সড়কটির উন্নয়নে ১০ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে।
