রাজধানীর শেরেবাংলা নগরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী ছিনতাইকারীর কবলে পড়েছেন। ছিনতাইকারীরা তার কাছ থেকে একটি ল্যাপটপ ও মাটির দৃঢ়তা পরীক্ষার যন্ত্র ছিনিয়ে নিয়েছে। যন্ত্রটির মূল্য আনুমানিক ৭ লাখ টাকা। এ ঘটনায় প্রকৌশলী অহেদুজ্জামান শেরেবাংলা নগর থানায় জিডি করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অহেদুজ্জামান, ডেভেলপার প্রতিষ্ঠান ইনফিনিকম স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের প্রকল্প প্রকৌশলী। মঙ্গলবার রাত ১০ টার দিকে ফার্মগেট থেকে একটি সিএনজি অটোরিকশায় পশ্চিম কাজীপাড়াস্থ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র অতিক্রম করার পর দুর্বৃত্তরা একটি মোটর সাইকেল নিয়ে সিএনজি অটোরিকশার গতিরোধ করে। মোটর সাইকেলের চালক ও আরোহীর সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা তাকে ধারালো অস্ত্র দেখিয়ে আরোহী তার কাছ থেকে ল্যাপটপ ব্যাগ কেড়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনার পর তিনি আগারগাঁও ক্রসিংয়ে কর্তব্যরত পুলিশকে অবহিত করেন এবং শেরেবাংলা নগর থানায় জিডি করেন।
