দুর্নীতি মামলায় মোবারকের তিন বছরের কারাদণ্ড

আপডেট : ২১ মে ২০১৪, ২৩:১৭
মিসরে সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারককে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এই কারাদন্ড দেওয়া হয়। একই সঙ্গে তার দুই ছেলে আলা এবং গামালও একই অভিযোগে অভিযুক্ত হওয়ায় তাদের ৪ বছরের জেল দেয়া হয়েছে। খবর বিবিসির। তিনজনকে ৩০ লাখ ডলার জরিমানা করা ছাড়াও চুরির অভিযোগ থাকা ১ কোটি ৭৪ লাখ ডলার ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। ৮৬ বছর বয়স্ক হোসনি মোবারককে ক্ষমতার অপব্যবহারের অভিযোগেও বিচার করা হচ্ছে। ২০১১ সালে সরকার বিরোধী গণআন্দোলনের সময় বিক্ষোভকারী হত্যায় জড়িত থাকারও অভিযোগ রয়েছে মোবারকের বিরুদ্ধে। ওই গণআন্দোলনের মুখেই পদত্যাগ করতে বাধ্য হন মোবারক। ২০১২ সালের বিক্ষোভ সংশ্লিষ্ট একটি অভিযোগেও মোবারক ও তার আমলের স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল আদলি দোষী সাব্যস্ত হন এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ডও হয়। কিন্তু দুইজনের আবেদনের প্রেক্ষিতে ২০১৩ সালের জানুয়ারিতে আদালত পুনরায় ওই মামলায় তাদের বিচার করার নির্দেশ দেয়। আগষ্টে আদালতের নির্দেশে মোবারক জেল থেকে ছাড়া পেয়ে কায়রোর একটি সামরিক হাসপাতালে যান।