চট্টগ্রামে বন্ধুর বাসার ছাদ থেকে পড়ে এক শ্রীলংকান ছাত্রের মৃত্যু হয়েছে। নগরীর খুলশী থানার ফয়েস লেক এলাকায় গতকাল বুধবার সকাল সাড়ে ৭টায় রোজ ভ্যালি নামে ৬ তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। নিহত ছাত্রের নাম মো. ইহসান ইরফান (২৩)। তিনি চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) এমবিবিএস শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইহসান শ্রীলংকার পাসপোর্টধারী হলেও তার পরিবার দক্ষিণ আফ্রিকায় বসবাস করে। পুলিশ তার মৃত্যুকে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে। এ ঘটনায় ইরফানের কয়েকজন বন্ধু ও বাসার দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
সিএমপির সহকারী কমিশনার দীপক জ্যোতি খীসা বলেন, ছাদ থেকে পড়ে এক শ্রীলংকান শিক্ষার্থী নিহত হয়েছেন। তাকে কেউ ছাদ থেকে ফেলে হত্যা করেছে বলে আপাতত মনে হচ্ছে না। এটি নিছক দুর্ঘটনা অথবা আত্মহত্যা হতে পারে। আমরা মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছি। ইউএসটিসির স্টুডেন্ট ওয়েলফেয়ার অফিসার মো. সালেহউদ্দিন বলেন, ইহসান ইরফান ফয়েস লেক এলাকায় একটি বাসায় থাকতেন। তার সহপাঠীদের কাছ থেকে জানতে পেরেছি, মঙ্গলবার রাতে তিনি একই এলাকায় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বিপরীত দিকে তার বন্ধুর বাসায় যায়। এরপর বুধবার সকালে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। সহপাঠীরা তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নূরুল আবছার বলেন, ফলাফল খারাপ করায় শ্রীলংকান ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে শুনেছি। এদিকে ইরফানের মৃত্যুর পর ইউএসটিসি কর্তৃপক্ষ দক্ষিণ আফ্রিকায় তার বাবার সাথে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি বলে স্টুডেন্ট ওয়েলফেয়ার অফিসার মো. সালেহউদ্দিন জানান। তিনি বলেন, ইরফানের পাসপোর্ট সংগ্রহ করা হয়েছে। কাগজপত্রগুলো শ্রীলংকান দূতাবাসে পাঠানোর পর পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
