ফ্রি ট্রেডের বাধা দূর করতে হবে

আপডেট : ২১ মে ২০১৪, ২৩:২৩
বিশ্ব বাজারে ফ্রি ট্রেডের বাধা দূর করার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) বালি সম্মেলনের সিদ্ধান্ত মোতাবেক এলডিসিভুক্ত দেশগুলোকে ডিউটি ফ্রি এবং কোটা ফ্রি প্রবেশাধিকার দেয়ার কথা। কিন্তু বাস্তবে অনেক উন্নত দেশই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি। আমরা বালি সম্মেলনের সিদ্ধান্তের বাস্তবায়ন চাই। গতকাল বুধবার ফিলিপাইনের ম্যানিলায় ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অন ইস্ট এশিয়া’ শীর্ষক অনুষ্ঠানে যোগদানকারী বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীদের এক সভায় তিনি একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ভিসা সংক্রান্ত জটিলতার কারণে জনবল রপ্তানির ক্ষেত্রে বেশ সমস্যা দেখা দিচ্ছে। এ ধরনের সমস্যা সমাধানের জন্য ভিসা ব্যবস্থা সহজ হওয়া প্রয়োজন। তিনি বলেন, বিশ্ব বাণিজ্য প্রসারের জন্য কানেকটিভিটি খুবই জরুরি। ভিসা সমস্যা দূর করতে এবং কানেকটিভিটি সহজ ও উন্নত করার বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার হস্তক্ষেপ প্রয়োজন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, রেমিটেন্স ১৫ বিলিয়ন ডলারের বেশি। সব মিলিয়ে বাংলাদেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যে সুযোগ ও সহযোগিতা পেলে বাংলাদেশ আরো ভালো করবে।