হাঁস পালনে কর্মসংস্থান পেয়েছে চার যুবক

আপডেট : ২২ মে ২০১৪, ২১:১৪
মেহেরপুর মুজিবনগর উপজেলার তারানগর গ্রামে হাঁস পালনে সফলতা পেয়েছেন চার যুবক। পদ্মবিলে সারা বছর পানি থাকায় মাছ চাষের পাশাপাশি হাঁস পালন করছেন সিজির আলম, আমীর হোসেন, শাহাজান আলী ও মোনাজাত আলী। হাঁস পালনকারী সিজির আলম জানান, আমরা চারজন ২ বছর ধরে হাঁস পালন করে আসছি। প্রথম দিকে এক হাজার তিনশ’টি হাঁসের বাচ্চা সংগ্রহ করি। প্রতিটি বাচ্চা ৩৫ টাকা করে কেনা হয়। বর্তমানে ৪৬০টি হাঁস রয়েছে। হাঁসগুলো প্রতিদিন তিন শতাধিক ডিম দেয়। প্রতিটি ডিম ১০ টাকা দামে বিক্রি হয়। প্রতিদিন তাদের লাভ থাকে ১৬শ’ থেকে ১৮ শ’ টাকা। হাঁসের মল মাছের খাবার হিসেবে বিক্রি হয়। খাবার হিসেবে প্রতিদিন হাঁসগুলোর জন্য প্রায় এক হাজার দুই শ’ টাকার লেয়ার ফিড কিনতে হয়। প্রতি বছর দু’বার মুজিবনগর উপজেলা স্বাস্থ্য অফিসের মাধ্যমে হাঁসের কলেরা ও ডার্কলেস রোগের ভ্যাকসিন দেয়া হয়।