জেলে হত্যার দায়ে ৫ শুঁটকি ব্যবসায়ীর যাবজ্জীবন

আপডেট : ২২ মে ২০১৪, ২১:১৫
সুন্দরবনের দুবলার আলোর কালে চুরির অভিযোগে শ্বেত সরদার নামের এক জেলেকে পিটিয়ে হত্যার দায়ে ৫ জন শুঁটকি ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাগেরহাটের আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান এই রায় প্রদান করেন। একই সাথে আদালত দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা ও স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে ভিকটিমের ওয়ারেশগণকে প্রদান অনাদায়ে আরো পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডাদেশের নির্দেশ দেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন— খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকার ব্রজেন্দ্র নাথ বিশ্বাসের দুই ছেলে জয়দেব বিশ্বাস ও মহাদেব বিশ্বাস, ভোলা নাথ বিশ্বাসের ছেলে রমেন্দ্র নাথ রায়, গৌরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে সাধন বিশ্বাস এবং বাগেরহাটের রামপাল উপজেলার সামছুর রহমানের ছেলে শেখ সিরাজুল ইসলাম। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।