টাঙ্গাইলের মির্জাপুরে কিশোরদের নিয়ে ক্রিকেট প্রশিক্ষণ শুরু

আপডেট : ২৬ মে ২০১৯, ২১:৩৫

মির্জাপুর(টাঙ্গাইল)সংবাদদাতা

টাঙ্গাইলের মির্জাপুরে কিশোরদের নিয়ে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ শুরু হয়েছে। দীর্ঘদিন পর এরকম প্রশিক্ষণ শুরু হওয়ায় উজ্জীবিত স্থানীয় ক্রীড়াঙ্গন। মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে চলছে এই প্রশিক্ষণ। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির জানান, জাতীয় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ও টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে চলছে এ প্রশিক্ষণ।

গত ১৭ মে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ একাব্বর হোসেন এমপি। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আবদুল মালেক, পৌরসভার মেয়র মো. সাহাদত্ হোসেন সুমন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির প্রমুখ উপস্থিত ছিলেন।