ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের জন্য গুজরাট ছেড়ে দিল্লি গেছেন নরেন্দ্র মোদী। গতকাল বৃহস্পতিবার গুজরাট ত্যাগের আগে তিনি বলেন, ‘আভজো গুজরাট’। অর্থাত্ কতদিন ধরে গুজরাটে! টানা ১৩ বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে দেশের দায়িত্ব কাধে তুলে নিতে যাচ্ছেন আগামী ২৬ মে। এজন্য এখন থেকে দিল্লি হবে তার স্থায়ী আবাস। মোদী গতকাল দিল্লির উদ্দেশে যাত্রা করার আগে আহমেদাবাদ বিমানবন্দরে বলেন, আজ আমি দিল্লি যাচ্ছি। তাই রাজ্যের সোয়া ছয় কোটি মানুষকে বিদায় জানালাম।
দিল্লিতে মোদী সঙ্গে নিয়ে গেছেন তার নিত্য ব্যবহার্য জিনিসপত্র। এছাড়া গুজরাটে তাকে রান্না করে দিতেন যিনি, তাকেও সঙ্গে নিয়েছেন। বাদ্রি নামের ওই রাঁধুনি মোদীর জন্য দশ বছরের বেশি সময় রান্না করে আসছেন। এছাড়া দিল্লির ৭ রেসকোর্স রোডের বাড়িতে সঙ্গী হয়েছেন পছন্দের কয়েকজন কর্মচারিও। তিনি গুজরাট ছাড়ার আগে তার বৃদ্ধা মাতার কাছ থেকে আশীর্বাদ নিতে যান। এর আগে নির্বাচনের ফল প্রকাশের পর গত ১৬ মে মোদী তার মায়ের আশির্বাদ নিতে তার কাছে গিয়েছিলেন। বিজেপি সূত্র জানায়, নরেন্দ্র মোদী তার শপথ অনুষ্ঠানের পরপরই দেশের জন্য কাজে নেমে পড়বেন। তিনি তার মন্ত্রিসভাকে নির্দেশ দিবেন যেন কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতির যেসব অভিযোগ উঠেছিল তাদের যেন সেসব অভিযোগ শুনতে না হয়। তিনি অনিয়মকারী মন্ত্রী কিংবা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবেন বলে জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী ভবনের বিলাসিতার মাত্রাও কমিয়ে দিবেন।
