আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি সভা-সমাবেশ করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিলে তা অযৌক্তিক নয়। তবে বিএনপির সমাবেশে পুলিশ কি কারণে বাধা দিয়েছে তা আমার জানা নেই।
গতকাল বৃহস্পতিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে ও সরকার পতনের আন্দোলনে ব্যর্থ হয়ে এখন চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। দেশকে অস্থিতিশীল করতে ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক ও বৃহস্পতিবার লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নানকে গুলি করে হত্যা করা হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত নন্দি রায় প্রমুখ।
