দুর্নীতির অভিযোগে দায়ের করা একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। গতকাল বৃহস্পতিবার মহানগর দায়রা জজ এসএম মুজিবুর রহমান এ আদেশ দেন।
নগরীর কোতোয়ালি থানাধীন নূপুর মার্কেটের হোল্ডিং ট্যাক্স কমিয়ে দেওয়ার অভিযোগে ২০০৩ সালে মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন চট্টগ্রাম জেলা দুর্নীতি দমন ব্যুরোর সহকারি পরিচালক মো. সিরাজুল হক। সাবেক এই মেয়র ক্ষমতা বহির্ভূত হোল্ডিং ট্যাক্স কমিয়ে সিটি করপোরেশনের আর্থিক ক্ষতি করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
আদালত সূত্র জানায়, মহিউদ্দিনের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ২০১২ সালে তাকে অব্যাহতি দেয়ার আদেশ দেয়। ওই আদেশ সমপ্রতি চট্টগ্রামের বিচারিক আদালতে এসে পৌঁছায়। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গতকাল তাকে অব্যাহতি দেওয়া হয়।
