ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং বিভাগের বৃত্তি প্রদান

আপডেট : ২৩ মে ২০১৪, ১৯:৩৫
শিক্ষার্থীদের পাশে শিক্ষা সহায়তা নিয়ে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যারা দেশের নানা ক্ষেত্রে দায়িত্বপূর্ণ অবস্থানে রয়েছে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আজ ঢাকা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। ইতিপূর্বে এই স্কলারশিপ ফান্ডের জন্য বিভাগের প্রাক্তন ছাত্র ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ পঞ্চাশ লক্ষ টাকা প্রদান করেন। এছাড়াও তিনি প্রতি বছর বিভাগের দু’জন কৃতী ছাত্রকে গোল্ড মেডেল প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. আ. আ. স. ম. আরেফীন সিদ্দিকী বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিভাগের প্রাক্তন ছাত্র ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির ডিন প্রফেসর শিবলী রুবায়েত উল ইসলাম, বিভাগের চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য প্রদান করেন। ঢাকা ইউনিভার্সিটির বিজিনেস স্টাডিজ ফ্যাকাল্টির কনফারেন্স হলে অনুষ্ঠিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে এবারে ১০২ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রদান করা হয়। মেধাবী এই শিক্ষার্থীরা প্রতি বছর ২৪ হাজার টাকা করে বৃত্তি পাবে। বৃত্তির সংখ্যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে অনুষ্ঠানে জানানো হয়।