গাছের খাদ্য!

আপডেট : ২৩ মে ২০১৪, ১৯:৫২
ভাবতে খুব অবাক লাগলেও এটা সত্য যে আমাদের মতো গাছেরও খাবারের দরকার হয়, কারণ আমাদের মতো গাছেরও যে প্রাণ আছে। আর আমাদের খাবার তৈরি মা করলেও গাছের খাদ্য তৈরি করে পাতা। আসুন জেনে নিই কীভাবে পাতা খাদ্য তৈরি করে। উদ্ভিদের জন্য দরকারি খাবার উদ্ভিদের দেহেই তৈরি হয়। মূলত গাছের পাতায় একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এই খাবার তৈরি হয়ে থাকে। খাদ্য তৈরির জন্য গাছের কয়েকটি উপাদান দরকার হয়। সেগুলো হলো সূর্যের আলো, কার্বন-ডাই-অক্সাইড গ্যাস, পানি ও ক্লোরোফিল। ক্লোরোফিল হলো গাছের মধ্যে অবস্থিত এমন একটি উপাদান যার উপস্থিতিতে পাতার রং সবুজ দেখায়। অর্থাত্ ক্লোরোফিল হলো উদ্ভিদের সবুজ উপাদান। উদ্ভিদ তার দেহে যে প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে সে প্রক্রিয়াকে বলা হয় ‘সালোকসংশ্লেষণ’। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ নিজের জন্য শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি শুধু উদ্ভিদের জন্যই গুরুত্বপূর্ণ নয় বরং এটি আমাদের জন্যও খুবই দরকারি। কারণ এই প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ অক্সিজেন তৈরি করে তা বাতাসে ছেড়ে দেয়। আর বাতাস থেকে আমরা সেই অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি। তাই একদিক থেকে বলা যায় এই খাদ্য তৈরি প্রক্রিয়া আমাদের নিজেদের জন্যই অত্যন্ত প্রয়োজনীয়।