সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
ঈদ সামনে রেখে জমে উঠেছে সৈয়দপুরের মার্কেটগুলো। সাশ্রয়ী দাম এবং সব রকম পোশাকের সমাহার রয়েছে প্রতিটি মার্কেটে। তবে এবার ফাগুন বউ নামের শাড়ির ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে।
দিনাজপুরের পার্বতীপুর শহর থেকে সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটে এসেছেন কলেজ শিক্ষক সোহেলা পারভীন সীমা।
তিনি বললেন, সৈয়দপুরে কেনাকাটার পরিবেশটা ভালো। ঈদ বাজার বলেই ভিড় প্রচুর। তবে এখানে সহনীয় মূল্যে সব পোশাক কিনতে পাওয়া যায়। ওই মার্কেটের নিচ তলায় নারীদের ফ্যাশন হাউস পিন্ধনে বসেছে পাইকারি শাড়ির মেলা। এখানে আছে তাঁতের শাড়ি, কাতান, জামদানি ও বুটিক শাড়ি। এছাড়াও মেয়েদের গাউন, থ্রিপিস তো আছে। তবে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ‘ফাগুন বউ’ শাড়ি। এই ‘ফাগুন বউ’ শাড়ির দাম আট হাজার টাকা।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আহমেদা ইয়াসমীন ইলা জানান, ঈদ বাজারে বেচাবিক্রি বেড়ে যায়। আমরা সারারাত দোকান খোলা রাখছি। এবার ‘ফাগুন বউ’ শাড়ির চাহিদা বেশি।
ওই মার্কেটের বুলবুল ফ্যাশনে প্রচুর ভিড়। এখানে পাওয়া যাচ্ছে সবরকম শার্ট, টি শার্ট, শটস, জিন্স, গ্যাভাডিন প্যান্ট ইত্যাদি। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নজরুল ইসলাম বুলবুল বললেন, কেবল সৈয়দপুর নয়, আশ-পাশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসছেন ক্রেতা-বিক্রেতারা।
এছাড়াও নিউ ক্লথ মার্কেট, পৌর বাজার, শেরেবাংলা সড়কের শিল্প সাহিত্য সংসদের সুপার মার্কেট, এসআর প্লাজা, শহীদ ডাঃ জিকরুল হক সড়কের পৌর মার্কেট, কারখানা গেট বাজার, ক্যান্ট বাজার, সবখানে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
