প্রকৃতিকে ভুলতে দেয় না ইকেবানা

আপডেট : ২৩ মে ২০১৪, ২২:১৯
ফুলের প্রতি মানুষের ভালোবাসা, কদর এবং বিশেষ করে মহিলাদের অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে বাংলাদেশে ইকেবানা প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। ফলে এর জনপ্রিয়তা বেড়েছে। সৌন্দর্য এবং শুদ্ধতার প্রতীক হিসেবে প্রতিটি মানুষই ফুল ভালোবাসে। জাপানি ভাষায় ‘ইকো’ অর্থ বাঁচিয়ে রাখা আর ‘বানা’ অর্থ ফুল। সাজসজ্জার উপযোগী করে বিশেষ পদ্ধতিতে ফুলকে বাঁচিয়ে রাখার নামই হচ্ছে ইকেবানা। প্রাকৃতিক ফুল ও গাছের সমন্বয়ে ঘরে বা বিভিন্ন অফিসে বা অনুষ্ঠানে ফুল সাজানোর এই পদ্ধতি জাপানে বিখ্যাত হলেও আমাদের দেশে এর যথেষ্ট সুনাম ও কদর বেড়েছে। ইকেবানা হচ্ছে তাজা ফুলের শিল্পকর্ম। এ শিল্পকর্মে লুকিয়ে থাকে বিশেষ কোনো বার্তা—শান্তি অথবা কল্যাণের সুর। ইকেবানা পদ্ধতিতে ফুল সাজানোর সঠিক পদ্ধতি জানা থাকলে তা যেমন বেশিদিন সংরক্ষণ করা যায়, তেমনি নান্দনিকতারও পরিচয় মেলে। ফুল শুধু বাগানে ফুটে থাকলে চলবে না। তাই তো পরম মমতায় গৃহের ছোট্ট পরিসরে ফুলদানি বা পিন হোল্ডারের মাধ্যমে ফুল সাজিয়ে রেখে মানুষ ফুলের বন্দনা করছে। এই ফুল বন্দনার কত যে অভিনব কলা-কৌশল আছে তার অনেক কিছুই আমাদের অজানা। কীভাবে ফুলকে সুন্দর করে আরো মোহনীয় করে সাজানো যায় তা নিয়ে মানুষের চিন্তার অন্ত নেই। ফুল-ডালের আকৃতি কেমন হলে আরো সুন্দর হবে, কী পাত্রে রাখা হলে আরো মোহনীয় দেখাবে এদেরকে, কেমন করে রাখা হবে, তার ধরন-ধারণাই বা কী হবে, কতগুলো ফুল নেওয়া হলে মানানসই হবে, অন্যদিকে ফুলের অপচয় না করে কীভাবে সাজানো যায়, এমনি হাজারো প্রশ্ন রয়েছে ফুলপ্রেমিকদের মনে। এর উত্তর খুঁজতেই অনন্য শিল্প ইকেবানার সৃষ্টি। চীন দেশে ইকেবানার যাত্রা শুরু হলেও শত শত বছর ধরে ধারাবাহিক বিকাশ লালন আর রূপান্তর হয়েছে জাপানে। জাপান দেশে ইকেবানা ঐতিহ্যবাহী-সংস্কৃতি। আক্ষরিক অর্থ দিয়ে ইকেবানা সম্পূর্ণভাবে বোঝানো যাবে না। এর নিজস্ব একটা দর্শন আছে। তবে শাদামাটাভাবে এটা বলা যায় না যে, ইকেবানার অর্থ হলো ফুলকে বাঁচিয়ে রাখা, ফুলকে জীবন্ত রাখা। এটা একটা সুকুমার শিল্পকলা। ইকেবানাকে সংক্ষেপে বোঝানো খুবই কঠিন। তবে এর বন্দনা করতে করতে ধীরে ধীরে এর সঙ্গে মিশে যাওয়া খুবই সহজ পন্থা। ইকেবানাকে জানতে হলে প্রকৃতিকে জানতে হয় আর প্রকৃতি মানুষের সবচাইতে বড় বস্তু—ইকেবানা সে কথা কখনো ভুলতে দেয় না। ইকেবানা মানুষকে ভালোবাসতে শেখায়। মন প্রফুল্ল রাখার মহৌষধ হচ্ছে ইকেবানা। ফুলকে গৃহের সৌন্দর্য বর্ধনে বিশেষভাবে সাজানো এবং সংরক্ষণ করার ওপর এ দেশের মহিলারা এখন অনেক পারদর্শী। বিশেষ করে মহিলাদের গৃহস্থালি কাজের পাশাপাশি বিকল্প আয়ের উত্স হিসেবে দেশে আজ ইকেবানার চাহিদা বহুগুণে বেড়েছে। বিশেষজ্ঞ মালেকা খানের মতে, ইকেবানা মূলত এক ধরনের চিত্রকলা। চিত্রকলার মাধ্যমে যেমন কোনো বিষয়বস্তুকে ফুটিয়ে তোলা হয়, ঠিক তেমনি প্রতিটি ইকেবানার মাধ্যমে ভিন্ন ভিন্ন বক্তব্য বেরিয়ে আসে। আসুন, শান্তি ও সমৃদ্ধির জন্য ইকেবানার মাধ্যমে ফুলকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করি। ঢাকা